জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব ষড়যন্ত্রের বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা প্রদান এবং কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্রের জাল বিস্তার করে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিভিন্নভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ন্যক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এমন ঘটনায় দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবাইকে ভেবে দেখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ ছাড়া বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি তাকে চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি সেলাই মেশিন দেওয়া হয়।