দেশে কোনো লকডাউন নেই: রিজভী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির খবর প্রচার না করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক চলছে। পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা করেন।

হত্যা ও রক্তের আলপনা এঁকে দেশকে অস্থিতিশীল হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাস ও রক্তপাতের মধ্যেও তারেক রহমানের সরকার গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা মেনে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।’

প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকারের জনবান্ধব কাজ আড়াল করতে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘রফতানি খাত ও ব্যবসা-বাণিজ্য চলে যাওয়ার প্রচারণা ভিত্তিহীন এবং সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে, আর অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’

এ সময় বিজয়ের মাস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত