নারায়ণগঞ্জে ‘সন্ত্রাসী সাহেব আলী' হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ‘সন্ত্রাসী সাহেব আলী' হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামি সব্বিরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ এর একটি টিম। গ্রেপ্তারকৃত সব্বিরকে (২৮) সিদ্ধিরগঞ্জের আটিওয়াবদা কলোনী এলাকার শাহাবুদ্দিনের পুত্র।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ অক্টোবর আনুমানিক সন্ধ্যা পৌনে ৬ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। উক্ত স্থানে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা আটি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে (৪০) লক্ষ্য করে সরাসরি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে সন্ত্রাসীরা সেখানেও তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উক্ত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাটি তাৎক্ষণিকভাবে এলাকায় তীব্র আলোড়ন ও আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এসআরবি-১১ আসামিদের অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর রাত ১১ টার দিকে এসআরবি-১১, সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী অভিযান পরিচালনা করে সাহেব আলী হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি সব্বিরকে গ্রেপ্তার করা হয়। উক্ত হত্যা মামলায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের এসআরবি-১১ এর অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিতে তাকে সংশ্লিষ্ট সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।