দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়, নতুন মৃত ১০ জনের মধ্যে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে। এর মধ্যে কেবল চলতি অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ৮৬ জন। এর আগে সেপ্টেম্বর মাসে এ বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭ ৪ জন আক্রান্ত এবং ১৪৮ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ২৩৮ জন এবং উত্তর সিটি এলাকায় ১৭৭ জন রয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৩২ জন ভর্তি হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২৩৪, রাজশাহীতে ২৩০, বরিশালে ১৯৫, ময়মনসিংহে ১০০, রংপুরে ৭০ এবং সিলেটে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭ হাজার ২৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র নিয়েছেন ১ হাজার ৮০৩ জন।