পাবনায় দুই আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক  

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারাল দেশীয় অস্ত্রসহ আব্দুল আলীম (২৪) নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামে এই অভিযান চালানো হয়। আটককৃত আব্দুল আলীম পীরপুর গ্রামের (৮ নং ওয়ার্ড) হেকমত শেখ ও সেলিনা খাতুনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি বিশেষ দল রাতে পীরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিজ বাড়ির আঙ্গিনা থেকেই আলীমকে ধরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি দুই ফলা বিশিষ্ট চাইনিজ কুড়াল, একটি খাঁজকাটা চাকতি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

​ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে। অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।