ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

ভোলার বোরহানউদ্দিনে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাক মুন্সির ছেলে বলে একটি সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ভোলা সদর থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। অপর একটি অটোরিকশা চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার দিকে ফিরছিল। পথে বোরহানউদ্দিনের দালাল বাজার এলাকায় অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক চালক ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।