দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা ভোলায়

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ড—দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ, আগুন নিয়ন্ত্রণ, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং নিরাপদে হাসপাতালে নেওয়ার কৌশল হাতে-কলমে তুলে ধরতে ভোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা সদর ও মনপুরায় র‌্যালি, উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে ফায়ার সার্ভিসের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। 

মহড়ায় উঁচু ভবনের ছাদে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে নিচে নামানো, আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া এবং স্বেচ্ছাসেবীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার দৃশ্য তুলে ধরা হয়। এ ছাড়া আগুনে জ্বলতে থাকা ঘরে পানি ছিটিয়ে আগুন নেভানো এবং গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের কৌশলও দেখানো হয়। মাঠের চারপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা এসব কার্যক্রম পর্যবেক্ষণ করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ছালেহ উদ্দিন এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ খালেদা খানম বক্তব্য দেন।

সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি এবং নিয়মিত মহড়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

অন্যদিকে, একই দিন ভোলার মনপুরায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সিপিপি, ফায়ার সার্ভিস ও কোস্ট ফাউন্ডেশনের অংশগ্রহণে দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

মনপুরা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব। সভায় বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। দুর্যোগের আগাম প্রস্তুতি, জনসচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

সভায় বক্তব্য দেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী ও মনপুরা প্রেসক্লাবের সভাপতি মো. অহিদুর রহমান প্রমুখ।

ভোলা সদরের কর্মসূচিতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) সিএআরআই প্রকল্প, কোস্ট ফাউন্ডেশন, আভাস, ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনাল, পিসিসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা ভোলায় প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও আগাম সতর্কতা, নিরাপদ আশ্রয়, প্রশিক্ষণ ও সমন্বিত প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। দিবসটির কর্মসূচিতে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত