ইন্টারনেটে যুক্ত বিভিন্ন যন্ত্র ব্যবহার করে নিজেদের অনুলিপি তৈরি ও ছড়িয়ে দেওয়ার সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছেছে ছোট আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। এ ধরনের সক্ষমতা পুরোপুরি অর্জন করতে আর কয়েক মাস লাগতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা অ্যানথ্রপিক।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার প্রকাশিত গবেষণায় অ্যানথ্রপিক দেখিয়েছে, নিরাপত্তার দুর্বলতা কাজে লাগিয়ে স্মার্ট ওভেন, অ্যান্ড্রয়েড টিভি বক্সসহ বিভিন্ন ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রে নিজেদের অনুলিপি ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এআই মডেলগুলোর।
গবেষণায় দেখা গেছে, ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি প্যারামিটারের কম আকারের মডেলও এ ধরনের বিস্তারের জন্য প্রয়োজনীয় কয়েকটি ধাপ সম্পন্ন করতে পারে। তবে পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে। নিরাপত্তার কিছু শর্ত শিথিল করে পরীক্ষায় আরও শক্তিশালী মডেলগুলো সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে।
অ্যানথ্রপিকের আশঙ্কা, এ ধরনের এআই ছড়িয়ে পড়লে সেগুলো নিয়ন্ত্রণ ও বন্ধ করা কঠিন হতে পারে। কারণ সংক্রমিত যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণের জন্য একক কোনো কেন্দ্রীয় ব্যবস্থা নাও থাকতে পারে। এমনকি ডেটা সেন্টারের কম্পিউটিং অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে।
কোম্পানিটির মতে, এ ঝুঁকি মোকাবিলায় ইন্টারনেট-সংযুক্ত যন্ত্র ও কম্পিউটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা জরুরি।