আনোয়ারায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ৮০ লাখ টাকা। এ কাজের ঠিকাদারি পেয়েছে মেসার্স চম্পা কনস্ট্রাকশন।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল করিম চৌধুরী জকু, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনসার, জেলা বিএনপি নেতা আকতারুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন, যুবদল নেতা রাশেদ আহমেদ, সাবেক উপজেলা ছাত্রদল নেতা অহিদুল আলম চৌধুরী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক ও চাতরী ইউপি চেয়ারম্যান প্রার্থী মীর মোশারফ হোসেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শ্রেণিকক্ষের সংকট কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে।