ঝিনাইদহ সদর উপজেলার চাঁদপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই সুমন হোসেনের কোদালের আঘাতে ছোট ভাই সোহান হোসেন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের ইজাল হোসেনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ইজাল হোসেনের বড় ছেলে সুমন হোসেনের স্ত্রীর সঙ্গে ছোট ছেলে সোহান হোসেনের স্ত্রীর পারিবারিক বিরোধ নিয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার বিকেলে সোহান তার ভাবিকে মারধর করেন। এর জের ধরে বড় ভাই সুমন কোদাল দিয়ে সোহানের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন সোহান।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন হোসেন পলাতক রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত সুমনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।