ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক দুই পুরুষ হলেন নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের সুবল চন্দ্র জলদাস (৬৮) ও তার ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)। আটক অন্য ছয়জন নারী ও শিশু হওয়ায় তাদের নাম-পরিচয় সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে মহেশপুর বিজিবির বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তের ৬০/৭৫-আর পিলার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সীমান্তবর্তী পলিয়াটি গ্রামের একটি বাগানে অবস্থানরত আটজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন নারী, চারজন শিশু ও দুজন পুরুষ রয়েছেন। আটক সবাই বাংলাদেশের নাগরিক।
পরে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুমা বিশ্বাস জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।