পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত প্রশমনে বাংলাদেশ অব্যাহত সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে আয়োজিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম সেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে বক্তব্য রাখার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই আহ্বান জানান।

পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হওয়া এবং জ্বালানির সরবরাহ শৃঙ্খলে ধাক্কার প্রেক্ষাপটে এবার বিশেষ তাৎপর্য নিয়ে এসেছে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এ সভা।

নারী ও শিশুসহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি নৃশংসতা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। সেই সঙ্গে ১৯৬৭ সালের সীমান্ত চুক্তির আলোকে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর আহ্বান জানানো হয়।

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়। মিয়ানমারের ওপর চাপ বজায় রাখতে মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।

বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া বা ইসলামভীতি বৃদ্ধি পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধে সব অংশীজনের সাথে সম্পৃক্ত হয়ে মুসলিম উম্মাহকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হুমায়ুন কবির।