জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও মডেল অভিনেতা আশরাফুল আলম হিরো ওরফে হিরো আলম প্রাক্তন স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন। পারিবারিক নাম আশরাফুল হোসেন আলম পরিচয়ে এই আবেদন করেছেন তিনি। চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে হবে এই মামলা।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এ আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী শান্তা সাকছিনা।
হিরো আলমের অভিযোগ, অভিযুক্তরা মিলে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। আবেদনে মূল অভিযুক্ত হিরো আলমের সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন। অভিযুক্ত অন্য দুজন হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)। তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনের বয়স ২২ বছর বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনের বিবরণ অনুযায়ী, সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চান। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম। অভিযোগে বলা হয়েছে, গত ১৭ আগস্ট সাথীকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
কন্টেন্ট ক্রিয়েটর জানান, গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার খরচ বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন। পরে ২৯ সেপ্টেম্বর তাকে তালাক দেওয়ার পর তিনজন মিলে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন হিরো আলম।
আবেদনে বলা হয়েছে, গত ১২ অক্টোবর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে তার জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে বিষপান এবং তাকে কারাগারে পাঠানোর হুমকি দেন। এ ঘটনায় গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।