জিম্বাবুয়ের বিপক্ষে বড় হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করার পাশাপাশি কঠোর পরিশ্রমের তাগিদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। গত শনিবার ত্রিদেশীয় সিরিজে নিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর সেদিন রাতেই খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। সেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রত্যাশার কথা মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটারদের।
আজ আবুধাবিতে দলীয় অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিমের বার্তার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর দাবি, হারের ধাক্কা থাকলেও দলের খেলোয়াড়দের মধ্যে এখনও যথেষ্ট উদ্যম রয়েছে। কী ভুল হয়েছে, কী ভালো হয়েছে, সেসব নিয়ে আলোচনা করে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে দল। সিমন্স বলেন, 'তামিমের বার্তা ছিল এটাই—কঠোর পরিশ্রম করতে থাকো। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, কোটি কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছি, এটা মাথায় রেখো। সবাই আমাদের সাফল্য দেখতে মুখিয়ে আছে। ওর কাছ থেকে মূলত এই বার্তাটাই ছিল।'
জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারের পর দলের আত্মবিশ্বাসে ধাক্কা লাগাটা স্বাভাবিক। তবে সেখানেই থেমে থাকতে চান না সিমন্স। বরং ভুলগুলো চিহ্নিত করে দ্রুত ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বাংলাদেশ। কোচের বিশ্বাস, একটি খারাপ দিন দিয়ে দলের সামগ্রিক সামর্থ্য বিচার করা ঠিক হবে না। এনিয়ে সিমন্স বলেন, 'ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও আমরা একটা বৈঠক করেছি। কী ভালো হলো, কী ভালো হলো না, এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম। এটা ছিল এমন এক দিন, যেদিন কিছুই পক্ষে যায়নি। জানি, এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়। আমরা ভালো প্রস্তুতি নিয়ে পরের গেমের জন্য প্রস্তুত হচ্ছি।'
এদিকে দলের জন্য স্বস্তির খবর, মেহেদী হাসান মিরাজ জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশের প্রধান কোচ বলেন, 'হ্যাঁ, মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। গত কিছু দিন সংগ্রাম করছিল। আজ ও কাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশা করি, পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।'