আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বড় ব্যবধানে হারের পর এবার শাস্তির মুখে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। স্লো ওভার-রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে তাওহীদ হৃদয়দের। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় দলের সকল খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গবাংলাদেশের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেন এমিরেটস আইসিসি আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল এক ওভার কম বোলিং করলে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সময়ের ছাড় বিবেচনায় নেওয়ার পরও বাংলাদেশ নির্ধারিত ওভার শেষ করতে পারেনি বলে জানানো হয়েছে। বাংলাদেশের অধিনায়ক হৃদয় অভিযোগ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার ও ইজতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার-রেটের অভিযোগ আনেন।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী সদস্যদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে।