টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩ জন আহত হয়। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অন্তত ৩ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।