ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে মেলাতে হবে যে হিসাব 

আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে গতকাল রাতে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে শান্ত-হৃদয়দের ফাইনালের সমীকরণ কিছুটা সহজ করে দিয়েছে আফগানিস্তান। 

আগামীকাল বুধবার শারজাহতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে ফাইনালের টিকিট পেতে হলে এই ম্যাচে কেবল জয়ই যথেষ্ট নয়, নেট রানরেটের হিসাব-নিকাশেও এগিয়ে যেতে হবে তাওহীদ হৃদয়ের দলকে।

পয়েন্ট তালিকার দিকে তাকালে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান। ১ জয়ে ৩.১৬০ রানরেট নিয়ে শীর্ষে তারা, অন্যদিকে ২ ম্যাচে ১ জয়ে -০.৫৯০ রানরেট নিয়ে দুইয়ে জিম্বাবুয়ে। কোনো পয়েন্ট না পেয়ে -১.৯৮০ রানরেট নিয়ে তলানিতে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে নির্দিষ্ট ব্যবধানে হারাতে পারলে জিম্বাবুয়েকে নেট রানরেটে টপকে সরাসরি ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

সমীকরণ বলছে, বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে, তবে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। জয়ের ব্যবধান ৪১ থেকে ২১৬ রানের মধ্যে হলে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনাল খেলবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের জয় যদি ৩৯ বা তার কম রানে হয়, তবে সুবিধাজনক রানরেটে থেকে ফাইনালে চলে যাবে জিম্বাবুয়ে।

অন্যদিকে, বাংলাদেশ যদি পরে ব্যাট করে, তবে জয়ের পাশাপাশি বল ও ওভারের হিসাব মেলাতে হবে সতর্কতার সঙ্গে। উদাহরণস্বরূপ, আফগানিস্তান ২৫০ রান করলে ২৫১ রানের লক্ষ্য টপকাতে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আর আফগানরা ৩০১ রানের লক্ষ্য দিলে তা তাড়া করতে হবে ৪২.২ ওভারের মধ্যে। 

সব মিলিয়ে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালের টিকিট নির্ধারণী লড়াইয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।