আড়াইহাজার

নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিল ছেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আইবুর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি তাঁর বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ আইবুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে বলে জানান ওসি মো. সবজেল হোসেন।