সিংগাইরে মেলার প্রথম দিনেই দুই মোটরসাইকেল চুরি, বিকাশে টাকা দাবি

মানিকগঞ্জের সিংগাইরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরুর প্রথম দিনেই দুটি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ মেলা থেকে মোটরসাইকেল দুটি চুরির পর সেগুলো ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

ভুক্তভোগী মো. আরাফাত (২৪) উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, গত ১৮ অক্টোবর বিকেল ৪টার দিকে বাবার নামে নিবন্ধিত কালো রঙের ১৬০ সিসির হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেলটি মেলার প্রবেশগেটের সামনে তালাবদ্ধ করে রেখে ভেতরে যান তিনি। প্রায় দেড় ঘণ্টা পর ফিরে এসে মোটরসাইকেলটি আর পাননি। চুরি হওয়া মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। 


একই দিন মেলার অদূরে শাহাদাত চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে আরেকটি মোটরসাইকেল চুরির অভিযোগ করেন নজরুল ইসলাম মামুন। তিনি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের মোহর আলীর ছেলে। ভুক্তভোগীদের দাবি, মোটরসাইকেল দুটি ফেরত দেওয়ার কথা বলে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে তাদের মুঠোফোনে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হচ্ছে। বিষয়টি নিয়ে তাঁরা দুপুরে সিংগাইর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। 

 
প্রশাসন সূত্রে জানা গেছে, মেলা কমিটিকে নিজস্ব ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষার শর্তে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে মেলার প্রথম দিনেই পরপর দুটি মোটরসাইকেল চুরির অভিযোগ এবং বিকাশে টাকা দাবির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় পাওয়া দুটি অভিযোগ তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মোটরসাইকেলের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা কর্তৃপক্ষকে গ্যারেজের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। 

 তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল মমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চুরি এবং সেগুলো ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা চাওয়ার অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল রাখার ক্ষেত্রে মালিকদের অসতর্কতা ছিল কি না সেটিও খতিয়ে দেখা হবে।