গোসলে নেমে কিশোরের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. সিফাত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর রানীখং এলাকায় এই ঘটনা ঘটে। সিফাত কুল্লাগড়া ইউনিয়নের কাঁকড়াকান্দা গ্রামের মো. ইউসুফের ছেলে। জানা যায়, দুপুরে খালাতো ভাই আলী হাসানকে সঙ্গে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর তীব্র স্রোতে ভেসে গেলে বাঁশ ধরে খালাতো ভাই আলী হাসান তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু পরে পুনরায় স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়দের সহায়তায় স্বজনরা সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই জাকির হোসেন জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।