স্পিকার বললেন

সবচেয়ে বড় দুর্নীতিবাজ সমাজের নেতা

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের সমাজব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ কমে আসছে। সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হচ্ছে, সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে যাচ্ছে। গতকাল বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটাই ছিল লজ্জার বিষয়। ইথিওপিয়ার মানুষের সততার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আমরা কোথায় চলে গেছি! সবচেয়ে বড় দুর্নীতিবাজ সমাজের নেতা হয়ে গেছে।’ তার অভিযোগ, খুন-গুম, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল আওয়ামী লীগ সরকার। ১৫ বছরের অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের হোতাদের হাত থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। আওয়ামী লীগকে ‘সেয়ানা দল’ উল্লেখ করে তিনি বলেন, শেখ পরিবারের একজনও গ্রেপ্তার হননি।