টম ক্রুজের ঝুলিতে আরও এক সম্মাননা

বিশ্বখ্যাত হলিউড তারকা টম ক্রুজের ঝুলিতে যুক্ত হচ্ছে আরও এক সম্মাননা। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এই অভিনেতা ও প্রযোজক। চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ার ও বিশ্বজুড়ে সিনেমার প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। 

আগামী ২৪ এপ্রিল ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে টম ক্রুজের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো তুলে ধরার পাশাপাশি বন্ধু ও দীর্ঘদিনের সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানাবেন। 

এএফআইয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ক্যাথলিন কেনেডি টম ক্রুজকে বিশ্বজুড়ে পরিচিত এক আইকন হিসেবে অভিহিত করেছেন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তার নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, সিনেমার মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে বিশ্বাস করেন ক্রুজ। চলচ্চিত্রের প্রতি তার গভীর ভালোবাসা বিশ্বজুড়ে আমেরিকান সিনেমার অন্যতম প্রতিনিধি হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেছে। কেনেডি আরও বলেন, চলচ্চিত্রশিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এই সম্মাননা টম ক্রুজকে দিতে পেরে এএফআই গর্বিত।