২০২৭ থেকে ২০৩১ চক্রে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কীভাবে সাজাবে আইসিসি, তার পূর্ণাঙ্গ পথনকশা এখন স্পষ্ট। ২০২১ সালেই বাংলাদেশকে ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে আইসিসির সর্বশেষ সদস্য বোর্ডগুলোর বৈঠকে ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ১২টি পুরুষ, ৭টি নারী এবং ৫টি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের নির্দিষ্ট তারিখ, ভেন্যু ও বাছাইয়ের নতুন সমীকরণ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
নতুন এই মেগা ক্যালেন্ডারে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এর ক্রিকেট বাছাইপর্বের নতুন সময়সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের রদবদল।
১৯০৪ সালের পর এই প্রথম অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। পূর্বে ২০২৭ সালে অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব আয়োজনের পরিকল্পনা করা হলেও, নতুন আপডেটে আইসিসি জানিয়েছে যে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০২৮ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে, যা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হওয়ার মাত্র ছয় মাস আগে আয়োজিত হবে।
পুরুষ ও নারী, উভয় বিভাগেই ৮টি করে দল এই বাছাইপর্বে লড়বে। পুরুষ বিভাগে স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি জায়গা করে নিলেও নারী দলের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে আইসিসি। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র নারী দল যদি ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা ১৫-এর মধ্যে থাকতে না পারে, তবে সেই সরাসরি স্লটটি অন্য উপায়ে দেওয়া হবে।
সদস্য দেশগুলোর উদ্দেশ্যে প্রেরিত আনুষ্ঠানিক বার্তায় আইসিসি উল্লেখ করেছে, ‘যদি স্বাগতিক (যুক্তরাষ্ট্র) ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ের শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে সেই স্লটটি ২০২৭ সালের মার্চে ভারতে অনুষ্ঠেয় উদ্বোধনী 'আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি'-র পয়েন্ট টেবিলের ভিত্তিতে পুনরায় বণ্টন করা হবে।’
নতুন এই সূচিতে আরও এক বড় পরিবর্তন আনা হয়েছে ২০২৮ সালের ব্যাক-টু-ব্যাক টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে। নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে এবার ব্যবধান রাখা হয়েছে মাত্র ১১ দিনের। ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে আয়োজিত হবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠিক এর ১১ দিন পর, ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গড়াবে ২০ দলের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
একই সঙ্গে ২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপটি জুন মাসের পরিবর্তে জুলাই-আগস্ট উইন্ডোতে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, ২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের দিনক্ষণও নির্ধারণ করে ফেলেছে আইসিসি; যা ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন।