মিরসরাইয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম উসামার সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে থানাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৮৬ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ১১ বছর বয়সী শিশু হাফেজ মোহাম্মদ উসামা।

৩০ পারা কোরআন হিফজ প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব দেখানো এই ক্ষুদে হাফেজকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসা।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে মিরসরাই মডেল মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত হাফেজ উসামার বাবা ওমর ফারুক, সাংবাদিক আশরাফ উদ্দিন ও সাংবাদিক ইউসুফ। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীর অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হক জানান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত থানাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় মিরসরাইয়ের বিভিন্ন মাদ্রাসা থেকে ১৮৬ জন হাফেজ অংশ নেয়। এর মধ্যে মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসার আটজন শিক্ষার্থী প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। তাদের মধ্যে ১১ বছর বয়সী মোহাম্মদ উসামা ৩০ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছে।

ছেলের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে উসামার বাবা ওমর ফারুক বলেন, আমি বাংলা শিক্ষিত মানুষ। আরবি জানি না। তাই ছেলেকে আরবি শেখানোর জন্য মাদ্রাসায় দিয়েছি। আমার ছেলে কোরআন শিখেছে, এখন যেন সেই শিক্ষা নিজের জীবনে ধারণ করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চাই।

অনুষ্ঠানে অতিথিরা শিশু হাফেজ উসামার সাফল্যের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে কোরআনের শিক্ষাকে জীবনে ধারণ করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।