এলাকাবাসীর মানববন্ধন

আকিলপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। শুক্রবার (২৩ অক্টোবর) ‘আকিলপুর সর্বসাধারণ জনগণ’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন সমাবেশে এ দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপকূলীয় পরিবেশ রক্ষা এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তাঁরা বলেন, উপকূলীয় এলাকা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার ওপরও পড়তে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আকিলপুর সমুদ্রসৈকতে বালু উত্তোলনের বৈধতা যাচাইয়ের দাবি জানান। তাঁদের মতে, বালু উত্তোলনের কোনো অনুমোদন থাকলে তা নির্ধারিত শর্ত অনুযায়ী হচ্ছে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা খতিয়ে দেখা উচিত। অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে তা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এদিকে, এক সপ্তাহ আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে বাপ্পি নামে এক ব্যক্তি নিহত এবং আরও একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় পর্যায়ে বালু উত্তোলন ঘিরে বিরোধ ও নিরাপত্তার বিষয়টি ওই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে।

অন্যদিকে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নেও বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এসব পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষা এবং বালু উত্তোলনসংক্রান্ত বিরোধ নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।
মানববন্ধন থেকে আকিলপুর সমুদ্রসৈকতের বালু উত্তোলনের বিষয়টি তদন্ত, উপকূলীয় সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত