নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মই গড়বে নতুন বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

একটি নৈতিকভাবে শিক্ষিত ও দক্ষ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে সরকার পাঠ্যক্রমে খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও নৈতিকতাকে অন্তর্ভুক্ত করছে।

শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার ‘লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ’-এর উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে। এ উদ্দেশ্যে বিভিন্ন দেশের সাথে টিভেটে উন্নত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়সহ নানা যৌথ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

মাদক সমস্যা প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ। কেবল আইনের প্রয়োগ দিয়ে নয়, বরং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই এর টেকসই সমাধান সম্ভব। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মসজিদ উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হকসহ এলাকার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।