এনসিপির কমিটি পুনর্গঠন

স্বপদে নাহিদ-আখতার পদোন্নতি পেলেন পাটওয়ারী ও হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার পৌনে দুই বছর পর শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন এনেছে দলটি। যদিও দলের শীর্ষপদে কোনো পরবির্তন দেখা যায়নি। তবে পদোন্নতি পেয়েছেন দলটির আলোচিত দুই নেতা। গতকাল শুক্রবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন পুনর্বহাল রয়েছেন। তবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এসেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। দল গঠনের সময় থেকে হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) আর নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক পদে ছিলেন।

দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ দেওয়া হয়েছে। আগের কমিটির দুই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব নতুন কমিটিতে হয়েছেন যুগ্ম আহ্বায়ক।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর ১ মার্চ ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটি। এর ২০ মাসের মাথায় সেই কমিটি পুনর্গঠন করে ১৯৫ সদস্যের নাম ঘোষণা করা হলো। সেই সঙ্গে রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, যাতে স্থান পেয়েছেন ১৬ জন। তবে জামায়াতের সঙ্গে জোট করার কারণে গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সামান্তা শারমিন অংশগ্রহণ করেননি।

এ ছাড়াও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরাকে।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। এ ছাড়াও যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক, মো. আতাউল্লাহকে।

আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন ইফতেখারুল ইসলাম। আইন সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হিসেবে রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার।