আগামী শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ৩৮ লাখ বই ছাপানোর কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে মাঠপর্যায়ে বই পাঠানো শুরু হয়েছে। তবে এমন অবস্থায় দেখা দিয়েছে বিপত্তি পরিবর্তন করতে হচ্ছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ে। আর এ বিপত্তি দেখা দিয়েছে দাঁড়িপাল্লার ছবি থাকা নিয়ে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ তাৎক্ষণিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেসব বই মাঠপর্যায়ে পাঠানো হয়েছে তা ফেরত আনতে বলা হয়েছে। প্রয়োজনীয় সংশোধন শেষে বইটি পুনরায় বিতরণ করা হবে।
এনসিটিবির প্রধান সম্পাদক অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যেসব বই মাঠে চলে গেছে, সেগুলো সংগ্রহ করে প্রতীকটি পরিমার্জন করে আবার শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হবে। আপাতত ছাপার কাজ বন্ধ রাখা এবং মাঠে যাওয়া বই সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে জ্ঞানের পিরামিডের ধারণা তুলে ধরা হয়েছে। এতে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা এই চারটি স্তর রয়েছে। প্রতিটি স্তর বোঝাতে ব্যবহার করা হয়েছে আলাদা প্রতীক। উপাত্তের স্তর বোঝাতে রয়েছে পাই চার্ট, তথ্যের স্তরে পরমাণু বা নেটওয়ার্কের প্রতীক, জ্ঞানের স্তরে মস্তিষ্কের ছবি এবং পিরামিডের সর্বোচ্চ স্তরে প্রজ্ঞার প্রতীক হিসেবে রাখা হয়েছে দাঁড়িপাল্লার ছবি। যেহেতু দাঁড়িপাল্লা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক তাই এ পরিবর্তন আনা হচ্ছে। এতে খরচের পরিমাণ বাড়বে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির ৩৮ লাখ কপি বই ছাপানো হচ্ছে। এর বেশিরভাগই ইতিমধ্যে ছাপা হয়ে গেছে। নতুন করে কোনো বই ছাপাতে হলে সব ছাপানো বইয়ের ওই নির্দিষ্ট জায়গা বা অধ্যায়ে পরিবর্তন আনতে হবে।