শাহেদের মরদেহ দেশে

সৌদির জেলে সাড়ে ৭ হাজার বাংলাদেশি

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ দেশে এসেছে। শাহেদের মরদেহ বহনকারী ফ্লাইটটি গতকাল শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শাহেদ বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা ছিলেন। মরদেহ আসার সময় তার পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ সময় শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে আজকে (গতকাল) একজনের মরদেহ ফেরত এনেছি। বাকি যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি। তিনি বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত শাহেদের মরদেহটি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশিরা কাজ করেন। এ জন্য সৌদি আরবের যেকোনো জায়গায় যুদ্ধের কারণে বা অন্য কোনো ঘটনা-দুর্ঘটনায় আমরা খুব ভীত সন্ত্রস্ত থাকি। কেননা, সৌদি আরবে এত বেশি বাংলাদেশি কাজ করেন, কোনো না কোনো জায়গায় বাংলাদেশি ভাইয়েরা থাকেন, তারা এ বিপদে আক্রান্ত হতে পারেন।’ 

সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে অন্তত সাড়ে সাত হাজার বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদ- কার্যকর করা প্রসঙ্গে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ওই দুই ব্যক্তির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। দুজনের ব্যাপারে সৌদি আরব বিস্তারিত দেয়নি। তিনি বলেন, ‘রায়ের কপি দেওয়ার জন্য আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছি। রায়ের কপি পেলেই আমরা জানতে পারব যে কি ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ‘প্রতিটি দেশের নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে। আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে অনেক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি আছেন। বিভিন্ন সময় তারা (সৌদি আরব) দ-িত হয়ে কারাগারে থাকা ব্যক্তিদের তালিকা পাঠিয়ে আমাদের অবহিত করে।’  

বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান সম্পর্কে আগে থেকেই জানার আহ্বান জানান শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমরা এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং আমাদের মিশনগুলো সক্রিয়ভাবে কাজ করছে।’ বিদেশে কর্মী নিয়োগের ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দালালদের কারণে অভিবাসী কর্মীদের খরচ বেড়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে সরকার প্রধান তাকে নির্দেশ দিয়েছেন।’