দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ফরিদপুর : ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হন। নিহতরা হলেন রাব্বি মোল্লা (২০), নূর মোহাম্মদ (২৯), ঐশী খাতুন (২৫)। তারা সবাই মাগুরা জেলার বাসিন্দা। এ ঘটনার আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মা ও শিশুসহ ৩ জন নিহত হন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বালিচাপা পড়া অবস্থায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অটোচালকের মৃতদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও তার শিশুসন্তান নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৩ জন। দুটি দুর্ঘটনার পর কানাইপুরের তেঁতুলতলা এলাকায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবদুল্লাহ এবং মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মো. ইয়াছিন। তারা সবজিবাহী পিকআপটির যাত্রী ছিলেন। এ ঘটনায় পিকআপে থাকা ২ জন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত ২ জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে রাতে টহল চলাকালে অজ্ঞাত গাড়ি (কাভার্ডভ্যান) চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক স্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গতকাল ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার রফিক মোল্লা (৪৫)। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮) আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। একপর্যায়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান, জাবেদ ওমর ও রাব্বি। হঠাৎ ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত গাড়ি (কাভার্ডভ্যান) তাদের চাপা দিয়ে চলে যায়। আহত ৪ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখানে রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পাবনা : পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের ২ মোটরসাইকেল আরোহী দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের এবং সেলিম মাহমুদ জালালপুর গ্রামের ছেলে। সেলিম জালালপুর বাজারের মাছ ব্যবসায়ী। আহত ২ জনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় ইয়ামিন (১৭) ও রুদ্র (১৭) নামে ২ কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শ্রাবণ (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরের ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। নিহত ইয়ামিন রূপগঞ্জ ইউনিয়নে (গুতিয়াব) বেলাটেক গ্রামের কামাল মিয়ার ছেলে এবং রুদ্র একই গ্রামের আক্তার মিয়ার ছেলে। আহত শ্রাবণ সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে। কাঞ্চন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ৩ বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিল। অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে ইয়ামিন ও রুদ্র নিহত হয়।