সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও তাঁর দুই বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহত দেলোয়ার হোসেনের বয়স ৩৩ বছর। তিনি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে। নিহত শিশুর নাম ওয়াসিফা জান্নাত। সে দেলোয়ার হোসেনের মেয়ে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ সময় দুর্ঘটনায় জড়িত মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পুলিশের গাড়িতে হামলা চালানো হয় এবং আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়। এসব ঘটনায় মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বাসে আগুন দেওয়া, পুলিশের ওপর হামলা ও ফায়ার সার্ভিসের কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।