চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল এ অভিযান চালায়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।