রাঙামাটির দুর্গম ভূষণছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা বিজিবির

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ভূষণছড়া এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত ৬০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) হরিণা জোনের (১২ বিজিবি) উদ্যোগে ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হরিণা জোনের আওতাধীন ভূষণছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা নেওয়া ৬০ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ২৫ জন নারী ও পাঁচটি শিশু রয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পে সেবা দেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, এএমসি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা সমাধানে বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত