চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার একটি নৌকা জব্দ করেছে যৌথ দল। এ সময় চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও মোহনপুর নৌ পুলিশ দলের সদস্যরা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, মেঘনা নদীর মোহাম্মদপুর, বোরচর, বাহাদুরপুর, কালিরচর ও এখলাসপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩ কেজি ইলিশ মাছ ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পাশাপাশি চার জেলেকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মো. মহিন (২২) ও মো. আসিফ হোসেনের (১৯) বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পরে জব্দ করা কারেন্ট জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।