ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের আশ্রবপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় আজ শনিবার (২৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা মাদকসহ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে উক্ত অভিযানটি পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দলের সদস্যরা ওই মহাসড়কে তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করেন। অভিযান পরিচালনাকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে ভেতরে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার আমলাপাড়া কমলপুর এলাকার জারু মিয়া ওরফে জহির মিয়ার ছেলে আব্দুল আলী ওরফে মসম (৩২) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার রতনপুর গ্রামের বাদল মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।