কৃষি ব্যাংক লুটচেষ্টা: জবানবন্দিতে ফেঁসে গেলেন নিরাপত্তারক্ষী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী বাজারের বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় নতুন মোড় এসেছে। এ মামলায় পূর্বে গ্রেপ্তার হওয়া যুবক কাউসার আহম্মেদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির ওপর ভিত্তি করে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. মাজহারুল ইসলাম ওরফে সাগরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সোহাগী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের মৃত আবুল কাশেম ও মিলন আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে সোহাগী বাজারের ওই ব্যাংক শাখায় চুরির চেষ্টা চালানো হয়। অভিযোগ ওঠে, সেসময় ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে রেখে স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। একপর্যায়ে বাঁধন মুক্ত হয়ে নিরাপত্তাকর্মী চিৎকার শুরু করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দেন। কাউসার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

ঘটনার পরদিন ২২ অক্টোবর ব্যাংক কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে কাউসারের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, রিমান্ড ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় আদালতের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ঘটনার সঙ্গে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সম্পৃক্ততার কথা স্বীকার করেন কাউসার। প্রাপ্ত তথ্যের সত্যতা পেয়েই সাগরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত