ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনা, ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে ফেলে রাখা এবং চিকিৎসক-নার্সদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাসপাতালটি আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব অনিয়ম প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও ওয়াশরুমের অবস্থা তদারকি করেন। হাসপাতালের নতুন ভবনের নিচে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে তিনি অসন্তোষ ব্যক্ত করেন। একই সঙ্গে ক্যানুলা ও সিরিঞ্জসহ অন্যান্য ব্যবহৃত সরঞ্জাম ময়লার ভাগাড় থেকে উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশ দেন। কর্মস্থলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের সময়মতো না আসার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী স্পষ্ট জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে গাইনি ওয়ার্ডে এক রোগীর স্বজনকে বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য হতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ওই রোগীকে ব্যক্তিগতভাবে এক হাজার টাকা দেন মন্ত্রী। এ ছাড়া, এক মাস আগে হাসপাতালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন এখনো জমা না পড়ায় কারণ জানতে চাইলে ছুটির কারণে বিলম্ব হয়েছে বলে তাঁকে জানানো হয়।
এর আগে সকালে মন্ত্রী ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। সেখানে তিনি এ দুটি হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার বড় টেন্ডার আহ্বান করা হবে।
তিনি আরও জানান, সারাদেশে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা চালুকরণ এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসব বাড়ানো, ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছানো এবং পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর করে পর্যাপ্ত ওষুধ সরবরাহের পরিকল্পনা রয়েছে সরকারের।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।