নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা থেকে ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪০ কিশোরকে সংশোধনের সুযোগ দিয়ে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ৪৬ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তারি পরোয়ানামূলে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানাভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দেওয়া ৪০ জনের মধ্যে কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ মডেল থানার ৮ জন করে, সুধারাম মডেল থানার ৭ জন, চরজব্বর থানার ৫ জন, কবিরহাট ও চাটখিল থানার ৪ জন করে, হাতিয়া থানার ৩ জন এবং সোনাইমুড়ী থানার ১ জন রয়েছে। এছাড়া হাতিয়া থানায় আটক মোট ৯ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের ও একজনকে পরোয়ানামূলে চালান দেওয়া হয়েছে।