সাহিত্যবিশ্ব

পুঁজিবাদের চূড়ান্ত গন্তব্য এআই : অরুন্ধতী রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে পুঁজিবাদের চূড়ান্ত গন্তব্য বলে বর্ণনা করেছেন ভারতীয় লেখক ও বুকারজয়ী ঔপন্যাসিক অরুন্ধতী রায়। তিনি লিখেছেন, এআইয়ের বিস্তার মানুষের সৃজনশীলতা, চিন্তার মৌলিকত্ব ও দীর্ঘ দিনের অর্জিত জ্ঞানকে গুরুতর সংকটের মুখে ফেলেছে। গত ১৫ অক্টোবর আন্তর্জাতিক সাহিত্য প্ল্যাটফর্ম ‘ইকুয়েটরে’ প্রকাশিত ‘অ্যাপোক্যালিপস নাউ অ্যান্ড দেন’ শীর্ষক এক প্রবন্ধে এআই সম্বন্ধে রায়ের এই মনোভাব প্রকাশিত হয়।

প্রবন্ধের উপশিরোনামে অরুন্ধতী রায় লিখেছেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ক্যাপিটালিজমস ফাইনাল ডেস্টিনেশন’—অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো পুঁজিবাদের চূড়ান্ত গন্তব্য। সেইসঙ্গে এআইয়ের সংক্ষিপ্ত রূপকে ব্যঙ্গ করে তিনি একে ‘অ্যাকচুয়াল ইডিয়সি’ বা প্রকৃত বোকামিও বলেছেন।

এআইয়ের বড় প্রতিষ্ঠানগুলো মানুষের দীর্ঘদিনের সৃজনশীল কাজ ও জ্ঞানকে নিজেদের সম্পদে পরিণত করছে এমন অভিযোগ করে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি জানান, অ্যানথ্রোপিক তার অনুমতি ছাড়াই তার বইগুলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষণে ব্যবহার করেছে। রায়ের আশঙ্কা, তার দীর্ঘদিনের চর্চায় গড়ে ওঠা নিজস্ব ভাষাভঙ্গিতে লেখা ভবিষ্যৎ কোনো রচনাকে এআই-লিখিত বলে সন্দেহ করা হতে পারে। তার মতে, মানুষের অর্জিত জ্ঞান ও সৃজনশীলতাকে করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নেওয়ার এই প্রক্রিয়া উপনিবেশবাদেরই নতুন রূপ।