এটিএমে রসিদ নিলেই ৪ টাকা কাটবে সাউথইস্ট ব্যাংক

এটিএম থেকে টাকা তোলা বা ব্যালেন্স দেখার পর প্রিন্ট করা রসিদ নিলে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ৪ টাকা করে কেটে নেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি। আগামী ১ নভেম্বর থেকে এ নতুন চার্জ কার্যকর হবে।

ব্যাংকটির এক গ্রাহক-নোটিশে জানানো হয়েছে, পরিবেশবান্ধব ব্যাংকিং উৎসাহিত করা এবং কাগজের ব্যবহার কমানোর উদ্দেশ্যে এটিএমে ক্যাশ উত্তোলন ও ব্যালেন্স অনুসন্ধানের ক্ষেত্রে প্রতিটি প্রিন্ট করা রসিদের জন্য ৪ টাকা চার্জ প্রযোজ্য হবে।

নোটিশে বলা হয়েছে, এই চার্জ কেবল তখনই কাটা হবে, যখন গ্রাহক এটিএমে রসিদ প্রিন্ট করার অনুরোধ করবেন। ব্যাংকের দাবি, লেনদেন শেষে নিবন্ধিত মোবাইল নম্বর বা ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেনের বিস্তারিত পাঠানো হয়। তাই প্রিন্ট করা রসিদ না নিলেও গ্রাহক তথ্য পাবেন।

তবে নতুন এ সিদ্ধান্তে নিয়মিত এটিএম ব্যবহারকারীদের অতিরিক্ত খরচের মুখে পড়তে হবে। বিশেষ করে যেসব গ্রাহক হিসাব সংরক্ষণ বা লেনদেন যাচাইয়ের জন্য কাগজের রসিদ রাখেন, তাদের প্রতি লেনদেনে বাড়তি চার্জ গুনতে হবে।