হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৮ জনে।

এ ছাড়া একই সময়ে নতুন করে ১ হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছরে সন্দেহভাজন হামের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে।