নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। 

সোমবার (২৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জস্থ এসআরবি-১১ এবং কক্সবাজারস্থ এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কবির কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকাী মৃত মোমতাজ উদ্দিনের পুত্র।

সোমবার বিকেলে এসআরবি-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির (৪৫) চর কিশোরগঞ্জস্থ তার নিজস্ব ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা চিহ্নিত সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে। দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কটিতে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনাটি নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে। উক্ত ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকেই এসআরবি-১১ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে গোপন গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে।

​এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯ টায় এসআরবি-১১ এবং এসআরবি-১৫ (কক্সবাজার)-এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে (৬০) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।