গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১৮

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পযর্ন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে গতকাল সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

রবিবার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া এ ঘটনায় মামলা করেন। মামলায় ১০০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি অবস্থান হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান।

এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সর্বশেষ সর্বাধিক পঠিত