মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে একটি বেসরকারি কোম্পানির দুই কর্মচারী নিখোঁজ হয়েছেন। তারা হলেন— মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫)। নিখোঁজ মারুফের বাড়ি রাজধানীর খিলগাঁও ও রাসেলের বাড়ি পটুয়াখালী।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার নদীতে পদ্মা সেতুর নীচে এ ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এদিন দুপুর ২টার দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের নীচে গোসল করতে নামে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের ৮ জন কর্মচারী।
এদের মধ্যে ৬ জন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ২ জন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চললেও নিখোঁজদের খোঁজ মিলেনি।