ফেনীর দাগনভূঞায় আল মাহমুদ আরিফ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। তাকে নিজেদের কাছে আটকে রাখার দাবি করে ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ করেছেন তার বাবা মো. মাসুদ হোসেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
জিডি সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে দাগনভূঞা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের জগতপুর এলাকা থেকে নিখোঁজ হয় আল মাহমুদ আরিফ। সে বড় পীর আবদুল কাদের জিলানী (রহ.) নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন সোমবার (২৬ অক্টোবর) দাগনভূঞা থানায় জিডি করেন তার বাবা।
জিডিতে নিখোঁজ কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর উল্লেখ করা হয়েছে। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, ওজন প্রায় ৩০ কেজি। গায়ের রং শ্যামলা এবং চোখের রং কালো।
শিশুটির বাবা মো. মাসুদ হোসেন বলেন, সোমবার দুটি ফোন নম্বর (01307455473 ও 01846619768) থেকে কল করে তাকে জানানো হয়, তার ছেলে তাদের কাছে রয়েছে। পরে তাকে ফেনী সরকারি কলেজের সামনে টাকা নিয়ে যেতে বলা হয়। সেখানে গেলে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ পাঠাতে বলা হয়। তবে টাকা না থাকায় তিনি তা পাঠাতে পারেননি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ছেলের নিখোঁজের খবর শুনে তার নানি স্ট্রোক করে মারা গেছেন। ছেলেকে উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন তিনি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।