নীলফামারীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নীলফামারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে। তবে বিরোধপূর্ণ জমিটি তার ছোট ভাইয়ের দখলে থাকায় সোমবার সকাল ১০টার দিকে কেতাব উদ্দিন সেই জমিতে যায়।

এসময়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর তিনটার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।