সিআইডি পরিচয়ে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে আটক মোটরসাইকেল ছাড়াতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাসেল হোসেন (৩০) নামে এক যুবক। 

পুলিশের দাবি, তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। তার মোবাইল ফোনে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সিআইডি লেখা জ্যাকেট পরা একটি ছবি পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার রাসেল জেলার মনোহরগঞ্জ উপজেলার ভূঁইয়াবাড়ি মরিচা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর নগরের ব্যস্ততম শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেয়। এ সময় চালক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের নাম রাসেল হোসেন বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের পক্ষে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।

পরদিন ২৫ অক্টোবর আটক মোটরসাইকেলটি ছাড়াতে জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল। সেখানে আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) জানায়।

পরে ডিবির একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে রাসেলের পরিচয় ও কর্মস্থল যাচাই করে। এতে জানা যায়, তিনি সিআইডির কোনো কর্মকর্তা নন।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ভুয়া নাম, ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের সময় তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি পাওয়া যায়। এ ছাড়া এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি সিআইডি লেখা জ্যাকেট পরা একটি ছবিও উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত