নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে শিমুল আলী (২৬) ও সজীব আলী (১৯)। তারা আপন দুই ভাই।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।