সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। সিপিবির কার্যালয় পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায়। একই ভবনের অষ্টমতলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয়।

গতকাল সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দেওয়া হলে পল্টনে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। ওই মিছিল কেন্দ্র করে তাদের ওপর হামলার অভিযোগ করা হয়। পরে তা সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায়। এরপর কার্যালয়ের সামনে লোকজন জড়ো হয়ে হামলা চালায়। রাতে সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, হামলার খবর পেয়ে এখন আমি সেখানে যাচ্ছি।

পল্টন থানার ওসি আরিফুল আলম জানান, সোমবার দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হলে সিপিবির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় সিপিবির কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করে। কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকালে রাজধানীর ধানম-ি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে মানববন্ধনের ডাক দেন সাংস্কৃতিককর্মীরা। সেখানে জড়ো হলে পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে পারেননি তারা। ওই স্থান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে নিয়ে যায় পুলিশ।