আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে একই দিনে অম্ল-মধুর অভিজ্ঞতা পেল বাংলাদেশ দল। গতকাল দিনের শুরুতে বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হলেও, পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফিজির বিপক্ষে ৩-১ গোলের অনবদ্য জয় তুলে নিয়েছে লাল-সবুজের যুবারা। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপপর্বের পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই হারে নিজেদের মিশন শেষ করল বায়েজিদ-আজিমরা।
বাকুর মাঠে সোমবারের প্রথম ম্যাচটি স্বস্তিতে শেষ হয়নি বাংলাদেশের জন্য। বুরুন্ডির আক্রমণভাগের দুর্দান্ত ফুটবল শৈলী এবং আঁটসাঁট রক্ষণ ভাঙতে রীতিমতো হিমশিম খায় বায়েজিদরা। ফলস্বরূপ, ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
তবে সেই হতাশার রেশ বেশিক্ষণ ধরে রাখেনি দলটি। ফিজির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নেমে শুরু থেকেই একদম ভিন্ন এক মেজাজে ধরা দেয় বাংলাদেশ। ম্যাচের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ফিজির রক্ষণভাগে ঝড় তুলে মাত্র এক মিনিটের ব্যবধানে জোড়া গোল আদায় করে নেয় তারা। ম্যাচের চতুর্থ মিনিটে বায়েজিদের দুর্দান্ত শটের পর পঞ্চম মিনিটে ফাহিমের লক্ষ্যভেদ, চোখের পলকে স্কোরলাইন ২-০ করে চালকের আসনে বসে পড়ে দল।
যদিও ম্যাচের ২৮ মিনিটে এক আত্মঘাতী গোলে ফিজি ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ দিকে ৪০তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে ফিজির সব আশার বেলুন ফুটো করে দেন সেই বায়েজিদই।
ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে গ্রুপপর্বে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটে গোল করেও ৩-১ ব্যবধানে হেরেছিল বায়েজিদরা। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও দারুণ লড়াইয়ে ম্যাচটা শেষ হয়েছিল ১-১ ড্রয়ে। এবার গ্রুপপর্বে শেষ দিনের শুরুটা হার দিয়ে শুরু হলেও জয়ের হাসি দিয়েই বিশ্বকাপ মিশন শেষ হলো বাংলাদেশের কিশোরদের।